উখিয়ায় নারী নেত্রী লুলু আল মারজানকে (৩৮) কুপিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, ঘাতক মো: ইউছুপের বাবা জাহাঙ্গীর আলম (৬০) ও ইউছুপের ভাই সেলিম (২১)। গত রোববার, ৭ মে সকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে হত্যাকাণ্ডের মূল হোতা মো: ইউছুপ এখনো আত্মগোপনে রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার, ৪ মে রাত ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় নিজ বাড়িতে লুলু আল মারজানকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা করেন নিহতের মেজো মেয়ে। এতে এজাহারনামীয় আসামি চারজন। অজ্ঞাতনামা রয়েছে আরো চারজন। নিহত লুলু মারজান উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত মমতাজ মিয়ার স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য ছিলেন। পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।





