কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনসারুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সন্ধ্যার আগে উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আনসারুল ইসলাম একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার একটু আগে আনসারুল বাড়ির পাশের একটি গাছে পাকা কাঁঠালের গন্ধ পেয়ে সেটি পাড়তে গাছে উঠেন। এ সময় গাছের ডাল ভেঙে তিনি বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে তার দেহের একটি অংশ গাছের ডালের মধ্যে আটকে যায় এবং অপর অংশ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয়রা পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ লাইন বন্ধ করার পর তার লাশ সেখান থেকে নামানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনসারুল হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে মুহূর্তেই তার শরীরে আগুন লেগে যায়। তাই গাছের উপরেই পুড়তে থাকে তার শরীর। সেখানেই তার মৃত্যু হয়।
উপজেলার জিনারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম রুহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন মৃত্যু যেন কারো না হয়।





