কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আনসারুল ইসলাম (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসারুল একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, ওই দিন সন্ধ্যার একটু আগে আনসারুল বাড়ির পাশের একটি গাছে পাকা কাঁঠালের গন্ধ পেয়ে সেটি পাড়তে গাছে উঠে। এ সময় গাছের ডাল ভেঙে তিনি বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে তার দেহের একটি অংশ গাছের ডালের মধ্যে আটকে যায় ও অপর অংশ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ লাইন বন্ধ করার পর তার লাশ সেখান থেকে নামানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আনসারুল হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে মুহূর্তেই তার দেহে আগুন লেগে যায়। তাই গাছের উপরেই পুড়তে থাকে তার দেহ। সেখানেই তার মৃত্যু হয়। উপজেলার জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রুহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এমন বীভৎস ও মর্মান্তিক মৃত্যু যেন কারো না হয়।