ছাগল চড়ানো নিয়ে বিরোধে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী দুলাল হোসেনকে (৪১) গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর। বৃহস্পতিবার (১১ মে) রাতে বগুড়ার সান্তাহার থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১২ মে) দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১৩ রংপুরের সদর দফতরের সিও কমান্ডার আরাফাত ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘির সান্তাহার থেকে দুলাল হোসেন গ্রেফতার করা হয়েছে।

গত ১৫ এপ্রিল লালমনিরহাটরে পাটগ্রামের মুগলিবাড়ী মহল্লায় ছাগল চড়ানো নিয়ে স্ত্রী সাহিদা বেগমের (৩৬) সাথে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুলাল। এ ঘটনায় সাহিদার ভাই হত্যা মামলা করলে দুলাল আত্মগোপনে চলে যান। ছায়া তদন্তের অংশ হিসেবে প্রযুক্তি ব্যবহার করে দুলালকে গ্রেফতার করার দাবি জানিয়েছে র‌্যাব। এ সময় তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, সাহিদা ও দুলাল দম্পতির দুটি সন্তান আছে। ২০ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ ছিল। পাশাপাশি সন্দেহ এবং ক্ষুদ্র বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকতো তাদের। গ্রেফতারের পর দুলালকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।