কিশোরগঞ্জের হোসেনপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মোবারক হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে হোসেনপুরের জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোবারক চর হাজীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ মে বিকেলে ওই গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন মোবারক। পরে ঘটনা জানা-জানি হলে ওই তরুণীর বাবা হোসেনপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামি মোবারককে গ্রেফতার করে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পরই আসামিকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।





