বরগুনার বেতাগীর বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা ১০ মিনিটের কালবৈশাখীর ঝড়ে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেছে। এ ছাড়া বৃষ্টিতে মৌসুমি ফল ও বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৬টা ৫৫ মিনিট থেকে শুরু করে ৭টা পাঁচ মিনিটে শেষ হয় তাণ্ডব।
খোঁজ নিয়ে জানা গেছে, হঠাৎ এ ঝড়ের তাণ্ডবে বেতাগী উপজেলার বিবিচিনি, মোকামিয়া, হোসনাবাদ, কাজিরাবাদ, সরিষামুড়ি, বদনীখালী ও বেতাগী সদর ইউনিয়নের কেওড়াবুনিয়াসহ শতাধিক ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ক্ষতি হয়েছে আম, ভুট্টা, গম, ধান ও কলাসহ উঠতি ফসলের।
বেতাগী সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের হাবিবুর রহমান বলেন, কালবৈশাখী ঝড় এসে এ গ্রামের অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেকেরই ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শুধু তাই নয় ফল ও ফসলেরও ক্ষতি হয়েছে।
ঝোপখালী গ্রামের সজল মাহমুদ বলেন, হঠাৎ আকাশে কালো মেঘ জমে পশ্চিম দিক থেকে শোঁ শোঁ শব্দ করে বাতাস আসে। কিছু বুঝে ওঠার আগেই গ্রামের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়।'
বরগুনার বেতাগীতে সকালে কালবৈশাখীর তাণ্ডবে সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামে গাছ পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।





