বগুড়ার শিবগঞ্জে ছুরিকাঘাতে সাইদুর রহমান (২০) নামে যুবক খুন হয়েছে।

শনিবার সকালে উপজেলার কিচক কেকারপাড়া রাস্তার পাশে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সাইদুর রহমান কিচক উত্তর বেলাই গ্রামের শাহাদত হোসেন শাদ পাগলার ছেলে।

সাইদুরের স্ত্রী শাকিলা বেগম জানান, তিনি পেশায় একজন গ্রীলমিস্ত্রি। শুক্রবার সকালে গোবিন্দগঞ্জে কাজের উদ্দেশে বাসা থেকে চলে যান। রাতে কয়েক বার ফোন দিলেও ফোন বন্ধ পাই। পরে আজ সকালে জানতে পারি তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে জানায়, পুরাতন কিচকের ওই রাস্তার ব্রীজে প্রায় রাতে নেশার আড্ডা চলে। যে কারণে নেশাখোড়দের উৎপাতে সন্ধ্যা হলেই ওই পথে লোকজন চলাচল করতে পারে না।

এ ঘটনায় সিআইডি ক্রাইমসিন ইউনিট অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন স্নিগ্ধা আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নেমে প্রথমে একই এলাকার আপসুন গ্রামের ট্রাকচালক শাহীন ইসলামের ছেলে রাকিবকে (২০) আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কেকারপাড়া গ্রামের মো: হানজালার ছেলে মাসুদ রানা (২২), আপসুন গ্রামের আজিজের ছেলে আছাদুল্যাহ ও ভিটাপাড়া গ্রামের মরহুম আব্দুর রহিমের ছেলে সিএনজিচালক মো: হুমায়নকে আটক করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।