কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাল কর্জ নেয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রতন মিয়া (৩২) নামে এক যুবককে শাবল ও ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রতন মিয়া পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণ পাড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী শান্তা ও মেয়ে নীলা আক্তার অভিযোগ করে বলেন, শনিবার সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী বাড়ির কলিম উদ্দিনের মেয়ে শিখা (২৯) রতন মিয়ার বাড়িতে গিয়ে শান্তার নিকট চাল কর্জ নিতে যান। শান্তা চাল কর্জ দিতে রাজি না হওয়ায় দু’জনের মধ্য কথা কাটাকাটি হয়। দু’জনের কথা কাটাকাটির শব্দ শুনে শান্তার স্বামী রতন মিয়ার ঘুম ভেঙে যায়। পরে সকাল সাড়ে ৭টার দিকে শান্তার স্বামী ঘুম থেকে উঠে শিখাদের বাড়িতে গিয়ে কী নিয়ে ঝগড়া হয়েছে জানতে চাইলে শিখা (৩০), শিখার বাবা কলিম উদ্দিন (৬৫), শিখার মা শরীফা (৫৫) ও শিখার ভাইয়ের স্ত্রী মিনাসহ (২০) পাঁচজন ক্ষিপ্ত হয়ে শাবল ও ছুরি নিয়ে রতন মিয়ার ওপর হামলা করে তার পেটে দুটি আঘাত করে। সাথে সাথে তার পেট থেকে ভুঁড়ি বের হয়ে যায় এবং তার দুই হাতে ধারালো ছুরার আঘাতে ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সংবাদ পেয়ে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করেন। তিনি বলেন, দুই পরিবারের ঝগড়ার সময় রতন মিয়া নামে এক যুবক খুন হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
কুলিয়ারচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাল কর্জ নেয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রতন মিয়া (৩২) নামে এক যুবককে শাবল ও ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।...





