রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছেন জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আবুল কালাম আজাদ। এ ঘটনায় আবু সাঈদ চাঁদের চাচাত ভাই চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুম হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে মাসুম হোসেনকে আটক করা হয়। এর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে পুঠিয়া থানায় মামলাটি করা হয়।

মামলার বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘১৯ মে পুঠিয়ার শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও তাকে কবর দেয়া হবে বলে হুমকি দিয়ে বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে মামলা করেছি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।

মাসুম হোসেনকে আটক বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাননি পুলিশের এই কর্মকর্তা।