কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক তরুণীকে (১৮) প্রকাশ্যে যৌন নির্যাতন ও নির্মমভাবে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা তারাকান্দিতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প কেন্দ্রের ১ নম্বর ব্যারাকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই তরুণীকে উদ্ধার করতে গিয়ে তার মা (৫০) ও বড় বোনও (২৫) আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
গত রোববার দুপুরে ওই তরুণী কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জানান, আশ্রয়ণ কেন্দ্রের ৯ নম্বর ব্যারাকের বাসিন্দা সবুজ মিয়ার স্ত্রী বিলকিছ আক্তার (৩৩) আশ্রয়ণ কেন্দ্রের ১ নম্বর ব্যারাকের সামনের টিউবওয়েল থেকে পানি আনতে যান। একই সময়ে ওই তরুণীও একই টিউবওয়েল থেকে পানি তুলছিলেন। এমন সময় পানি নেয়া নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিলকিস আক্তার ওই তরুণীকে চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে মাঠিতে ফেলে দেন এবং লাঠি দিয়ে মারতে থাকেন। এ সময় ৩ নম্বর ব্যারাক থেকে বের হয়ে আসেন বিলকিস আক্তারের ভাসুর চান্দু মিয়া (৪৫)। তিনি দু’জনের ঝগড়া মেটানোর ওজুহাতে অসৎ উদ্দেশ্যে ওই তরুণীকে যৌন নির্যাতন করেন। তরুণীর ডাক চিৎকারে তার মা ও বড় বোন এগিয়ে এলে তাদেরকেও মারধর করেন বিলকিস আক্তার ও তার ভাসুর চান্দু মিয়া।
অভিযুক্ত বিলকিস আক্তার বলেন, তাদের ব্যারাকের গলির টিউবওয়েলটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি ১ নম্বর ব্যারাকের টিউবওয়েলে গিয়েছিলেন পানি আনতে। তখন ১ নম্বর ব্যারাকের দুই মেয়ে ও তাদের মা এসে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং তার ওপর হামলা চালায়। তিনিও তখন তাদের মারধর করেন। এ ঘটনা দেখতে পেয়ে তার ভাসুর চান্দু মিয়া, ছেলে ছাব্বির ও ১৩ নম্বর ব্যারাকের বাসিন্দা রুপা আহত হন।
অভিযুক্ত চান্দু মিয়া ওই তরুণীকে যৌন নির্যাতন ও মারধরের কথা অস্বীকার করে বলেন, তার ছোট ভাইয়ের স্ত্রী বিলকিস আক্তারের সাথে ওই তরুণীর ঝগড়া মিটাতে গিয়েছিলেন তিনি। এ সময় তিনি নিজেও জখম হন। নিজের বাড়ি থাকতে কেনো আশ্রয়ণ কেন্দ্রে থাকেন জানতে চাইলে তিনি বলেন, ৩ নম্বর ব্যারাকটি বাচ্চু মিয়ার। বাচ্চু মিয়া তার আত্মীয়। তাই তিনি বাচ্চু মিয়ার অনুমতি নিয়েই সেখানে থাকেন।
কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানানা, অভিযোগ এখনো আমার হাতে আসেনি। অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা জানান, তিনি বিষয়টি জেনেছেন। যদি এমন যৌন নির্যাতনের ঘটনা ঘটে, তাহলে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কুলিয়ারচরে তরুণীকে প্রকাশ্যে যৌন নির্যাতন!
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক তরুণীকে (১৮) প্রকাশ্যে যৌন নির্যাতন ও নির্মমভাবে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সালুয়া ইউনিয়নের বাজরা তারাকান্দিতে...





