ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে নবীনগর পৌর এলাকার কোনাঘাট মোড়ে গাছ ভেঙে চলন্ত সিএনজি অটোরিকশার উপর পড়ায় এর চালক মো: আলী আহম্মদের (৩২) মৃত্যু হয়েছে।

তিনি নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের তালতলা গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তার স্ত্রী ও দুটি নাবালক ছেলেসন্তান রয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২৩ মে) সকালে সিএনজি নিয়ে নবীনগর থেকে কোনাঘাট যাচ্ছিলেন আলী আহম্মদ। পথিমধ্যে শুরু হয় প্রচণ্ড ঝড়-বৃষ্টি। কোনাঘাট মোড়ে যাওয়ার আগ মুহূর্তে বিশাল আকারের একটি জাম গাছ ভেঙে তার চলন্ত সিএনজির উপর পড়ে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চাপা পড়েন আলী আহম্মদ। ওই সময়ে তার গাড়িতে অন্য কোনো যাত্রী ছিল না।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ কেটে সিএনজির ভেতর থেকে আলী আহম্মদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।

রাস্তার মাঝে গাছটি ভেঙে পড়ে থাকায় প্রায় দুই ঘণ্টা এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সড়ক থেকে সরিয়ে নিলে পুলিশ এসে রাস্তা যানজটমুক্ত করে।

গাছের চাপায় সিএনজিচালক মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করার বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সাথে যোগাযোগ করা হচ্ছে।