রাজশাহীর পুঠিয়ায় নিজ ঘর থেকে আলমগীর হোসেন (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুঁটিপাড়া গ্রামে এ ঘটনা করে।

আলমগীর খুঁটিপাড়া গ্রামের মরহুম আফাজ উদ্দিনের ছেলে।

আলমগীরের প্রতিবেশী শিউলি বেগম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়। এরপর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, আলমগীর হোসেন দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যা ভুগছিলেন। তিনি মাঝে মাঝে বিভিন্ন মাজারে গিয়ে থাকতেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন ঘটনার নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আলমগীর মানসিক রোগী ছিলেন। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং তার পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।