কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কা-তর্কির একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোসেনপুর পাইলট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী রিফাত মিয়া (১৮) খুন হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
রিফাত উপজেলার জিনারি ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ মে) রিফাত মিয়া ও একই গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে অটোরিকশাচালক রবিউলের (২৩) মধ্যে বাড়ির পাশের জামতলা বাজারের কাছে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে রবিউলের ছুরিকাঘাতে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো: আব্দুল্লাহ আল শামীম জানান, হাসপাতালে আসার আগেই রিফাতের মৃত্যু হয়েছে। নিহত রিফাত এ বছর হোসেনপুর পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা শেষ করেছে গত রোববার।
প্রতিবেশীরা জানান, হত্যাকারী রবিউল বীর হাজিপুর গ্রামে তার নানার বাড়িতে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন। মূলত, নিহতের চাচাতো বোনকে হত্যাকারীর বড় ভাই বিয়ে করায় সাংসারিক বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলছিল। এরই ধারাবাহিকতায় ওই দিন রাতে দুজনের মধ্যে কথা কাটা-কাটির একপর্যায়ে রবিউলের ছুরিকাঘাতে রিফাতের মৃত্যু হয়।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান টিটু ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই ঘাতক রবিউলকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছি। পাশাপাশি আইনিভাবেও কার্যকরী উদ্যোগ নিচ্ছে পুলিশ।





