জামালপুরের দেওয়ানগঞ্জে এক পুকুরপাড়ের গর্ত থেকে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুটির নাম রমজান আলী। সে দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে ভারত সীমান্তবর্তী মণ্ডলপাড়া গ্রামের মাসুদ মণ্ডলের ছেলে। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে রহস্যজনকভাবে সে নিখোঁজ হয়। তাকে নিজ গ্রাম, আশপাশের গ্রাম, হাটবাজারে খোজ করেও পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করতে দেওয়ানগঞ্জ মডেল থানায় আসার সময় শিশুটির লাশ পাওয়া যাওয়ার খবর জানা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দেওয়ানগঞ্জ মডেল থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ও মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট সংগ্রহপূর্বক লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক শত্রুতার জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।