রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাপায় নাবিব ইসলাম আনন্দ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (২ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিব ইসলাম বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী শাহীন রেজা বলেন, সকালে ওই ছেলে মোটরসাইকেল নিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সকাল ১০টার দিকে সে মারা যায়।

পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাখ্খারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ট্রাকের সাথে একটি মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল-আরোহী গুরুতর আহত হয়। ছেলেটি চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।