পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে উপজেলায় তুষখালী বাজারে এ ঘটনা ঘটে। তুষখালী বাজারের ব্যবসায়ী চান মিয়া খান জানান, এ অগ্নিকাণ্ডে তার ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ী আরিফ তালুকদার জানান, এতে তার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহম্মেদ জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের পিরোজপুর জেলার উপসহকারী পরিচালক সেলিম হোসেন জানান, সরেজমিন পরিদর্শন করেছি, তদন্ত করে ক্ষতির পরিমাণ জানা যাবে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাউয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।