জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর আশ্রয়ন প্রকল্পের ২১টি ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে সোমবার দিবাগত রাতে ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে সোমবার রাতে দেওয়ানগঞ্জ সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহারুল ইসলাম ক্ষতিগ্রস্থদের প্রাথমিকভাবে খাদ্য সহায়তা করা ছাড়াও গৃহ নির্মাণের সম্ভব সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত ২১ পরিবার বর্তমানে খোলা আকাশ ও আশপাশে বাড়ি ঘরে আশ্রয় নিয়েছেন।





