হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর ইউনিয়নের মাদারিটুলা গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি বানিয়াচং সদরের ৪ নম্বর ইউনিয়নের মাদারিটুলা গ্রামের বাসিন্দা। আকবর আলীর স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে এলাকায় ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুতের মেইন তার ছিড়ে মাটিতে পড়ে থাকে। ওই সময়ে আকবর আলী অন্য দিনের মতো ফজরের নামাজ পড়ে নিজ বসতবাড়ি-সংলগ্ন গাছগাছালির পরিচর্যা করতে যান। এ সময় বিদ্যুতের ছিড়া তার দেখতে না পেয়ে তাতে শরীর লেগে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

স্থানীয় লোকজন বানিয়াচং পল্লী বিদ্যুৎ অফিসে জানালে তাৎক্ষণিক ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।