কিশোরগঞ্জের কুলিয়ারচরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম দক্ষিণপাড়া গ্রামের অমৃত মিয়ার ছেলে অটোরিকশাচালক মো: মামুন মিয়ার (২৮) সাথে একই উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া গ্রামের মরহুম নুরুল ইসলামের মেয়ে ঝুনু আক্তারের (২৫) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার সুখেই চলছিল। তাদের এক ছেলের জন্ম হয়। বর্তমানে ওই ছেলে ইয়ামিনের বয়স এক বছর আট মাস। সম্প্রতি মামুন একটি সিএনজিচালিত-অটোরিকশা কেনার জন্য তার স্ত্রী ঝুনুকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে তিন লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টিসহ মারধর ও মানসিক নির্যাতন করছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে টাকার চাপ সৃষ্টি করায় ঝুনু টাকা এনে দিতে পারবেন না বলে জানালে তাকে মারধর করে মুখে ও কানের গোড়ায় রক্তাক্ত-জখম করেন মামুন ও তার মা-বাবা। পরে ছেলেকে রেখে ঝুনুকে বাড়ি থেকে বের করে দেন মামুন।
আরো জানা যায়, খবর পেয়ে ঝুনুর মা মিনা আক্তার ও বড় ভাই মাসুদ ঝুনুকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় আহত গৃহবধূ ঝুনু আক্তার তার স্বামীকে প্রধান আসামী করে তিনজনের নামে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযুক্ত মো: মামুন মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে বলেন, সকালে তাকেসহ তাদের ছেলেকে মারধর করায় তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করেছেন।
গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বিট পুলিশিং অফিসার কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





