ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে চুরি করতে গিয়ে মরিয়ম বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে ঘরের ভিতর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। চোরের দল মধ্যরাতে মরিময় বেগমের ঘরে প্রবেশের পর বৃদ্ধা টের পেয়ে বাধা দেয়ায় চোরেরা তাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ইউসুফ মিয়া ওরফে বুইদ্যা (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার কড়ইবাড়ি গ্রামের পশ্চিম পাড়ার মৃত মিলন মিয়ার স্ত্রী মরিয়ম বেগম তার বাড়িতে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। তার এক ছেলে পরিবার নিয়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। একমাত্র মেয়ে উপজেলার বাঙ্গরা গ্রামে স্বামীর বাড়িতে থাকেন। গত রোববার দুপুরে বৃদ্ধার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পেয়ে লোকজন ঘরে ঢুকে স্টিলের আলমারী ভাঙ্গা ও অবস্থায় তছনছ করা এবং ওই বৃদ্ধাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন।
নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, এ ঘটনায় সোমবার সকালে ইব্রাহিমপুর থেকে ইউনুস মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার মূল বাড়ি বাঙ্গরা থানার দৌলতপুরে। সে নবীনগর উপজেলার চেলিখোলা গ্রামে বসবাস করে। ‘নিহত বৃদ্ধার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ইতিমধ্যে নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।