পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হলে পৌরবাসীর সব ট্যাক্স মওকুফ প্রতিশ্রতি দিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার রিজার্ভ পাড়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, সরকারি হিসেবে প্রতি অর্থ বছরে ভাণ্ডারিয়া পৌরসভা থেকে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা ট্যাক্স আদায় হয়। আগামী ১৭ জুলাই ভাণ্ডারিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে যদি ভাণ্ডারিয়ার ভোটাররা নৌকায় ভোট দিয়ে মেয়র হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে পৌরসভার নাগরিকদের সকল ট্যাক্স তিনি নিজেই বহন করবেন।
আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলের উপজেলা সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মাহিবুল হোসেন মাহিম। তিনি জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর আপন চাচাত ভাই।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, এই পৌরসভার নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার পর থেকেই আদিপত্ত বিস্তার ও নির্বাচনকে ঘিরে ভাণ্ডারিয়ায় অনেকটা মুখোমুখি অবস্থানে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মহাজোটের শরীক জাতীয় পার্টি (জেপি)। ইতোমধ্যেই উপজেলায় দুই পক্ষ দফায় দফায় সভা সমাবেশ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণা করছে। যেখানে একে অপরকে উদ্দেশ্য করে নানা ধরনের হুমকি ও কথার লড়াই চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ও সাবেক পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, সাধারণ সম্পাদক ও ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যন মিরজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দফতর সম্পাদক হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথিসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।





