নান্দাইলে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক আব্দুর রহমান শেখ (৭০) নামের একজন নিহত হয়েছেন।
শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক মহাসড়কের মোয়াজ্জেমপুর ইউনিয়নের সুরেশ ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুর রহমান ত্রিশাল উপজেলার বৈলর গ্রামের মৃত রবিউল্লাহ্ শেখের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে কানুরামপুর থেকে ত্রিশাল গামী ড্রাম ট্রাক কানুরামপুর গামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলে সিএনজিচালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।
নান্দাইল ফায়ার সিভিল ডিফেন্স টিম লিডার শফিকুল ইসলাম জানান, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহত সিএনজিচালকের লাশ উদ্ধার করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুজ্জামান রাশেদ মুঠোফোনে বলেন, দুর্ঘটনায় কবলিত ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





