সুনামগঞ্জের শাল্লায় ভিজিএফের চাল চুরির মামলায় ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) বিকেলে থানা পুলিশ আব্দুর রাজ্জাককে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এর আগে শনিবার রাতে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাককে চালসহ আটক করে থানা পুলিশ।

ইউনিয়ন ট্যাগ কর্মকর্তা কালিপদ দাসের অভিযোগের ভিত্তিতে আব্দুর রাজ্জাককে আটক করা হয় জানিয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে কারাগারে পঠানো হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অসহায় ও অতি গরিবদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। এসব চাল থেকে সাড়ে সাত বস্তা চাল চুরি করে নিজ বাড়িতে নিয়ে যান ইউপি সদস্য ও বর্তমান প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। পরে স্থানীয়রা এই ওয়ার্ডের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কালিপদ দাসকে চুরির বিষয়টি অবগত করেন।

ট্যাগ অফিসার সরেজমিনে আব্দুর রাজ্জাকের বাড়িতে এসে চুরির ঘটনার সত্যতা পেয়ে চালসহ তাকে আটক করে শাল্লা থানা পুলিশের হেফাজতে দেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চাল চুরির অভিযোগে আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।