কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়ে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে র্বজ্য রাখার আহবান জানিয়েছেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বৃহস্পতিবার জেলা মডেল মসজিদে ঈদের নামাজ আদায় শেষে এই আহবান জানান তিনি।
সিটি মেয়র নগরবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১২ ঘণ্টার মধ্যে আমরা কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে চাই। সেজন্য ৩৩টি ওয়ার্ডকে তিনভাগে ভাগ করে ১১৭টি স্থান নির্দিষ্ট করে দেয়া হয়েছে। নগরবাসী যদি এসব স্থানে বর্জ্য রাখেন তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হয়। দুপুর ২টায় শাপলা চত্বরে থেকে অপসারণ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এছাড়াও নিজেই এই অপসারণ কার্যক্রম মনিটরিং করার কথাও জানান তিনি।
সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগ জানিয়েছে, কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিটির ১২০টি ট্রলি ও রিকশাভ্যান, ২৭টি ডাম্প ট্রাক, তিনটি কমপেক্টর ট্রাক, একটি হুইল লোডার, তিনটি ব্যাকহো লোডার, দুটি স্কিড লোডার, দুটি স্কাবেটর, ও দুটি পানিবাহী গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে।
মেয়রে উদ্বোধনের পরপরই একসাথে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। পশুর বর্জ্য অপসারণে নাগরিকদের সুবিধার্থে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বর্জ্য অপসারণে ০১৭১৮৫৪৩১৫৭ অথবা ০১৭১৪৫৬৬৩৮৩ (অঞ্চল-১), ০১৭২৩৮০৭৩৪৪ অথবা ০১৭৪৪৭১০০৪৪ (অঞ্চল-২) এবং ০১৭১৪৯২৫৬৪৪ অথবা ০১৭১২০২৬৮৮৫ (অঞ্চল-৩) নম্বরে যোগাযোগ করে নগরবাসী কন্ট্রোল রুমের সহায়তা নিতে পারবেন। এছাড়া যোগাযোগ করতে পারবেন হটলাইট ০১৭৩৩৩৯০১৫০ নম্বরে।





