নওগাঁর মান্দায় জান্নাতুন খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী আরিফ হোসেন সরদারের (২৬) বিরুদ্ধে। নিহতের পরিবারের অভিযোগ, সন্তান না হওয়া নিয়ে বিরোধে হত্যা করা হয়েছে জান্নাতকে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আরিফকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আরিফ হোসেন ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামের লায়েব আলী সরদারের ছেলে। অন্যদিকে নিহত জান্নাতুন খাতুন নওগাঁর নিয়ামতপুর উপজেলার কামালপুর গ্রামের বয়েন উদ্দিনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহেদী মাসুদ শুক্রবার বলেন, নিহত জান্নাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোসহ অভিযুক্ত আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হবে।

ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত আরিফ।

নিহত জান্নাতুনের বাবা বয়েন উদ্দিন বলেন, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে মেয়ে জান্নাতুনকে ভারশোঁ দক্ষিণপাড়া গ্রামের আরিফ হোসেনের সাথে বিয়ে দেয়া হয়েছিল। সন্তান না হওয়াকে কেন্দ্র করে বেশকিছু দিন ধরে তাদের মধ্যে নানারকম কলহ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে আরিফ।