খুলনা-পাইকগাছা সড়কে দুর্ঘটনায় সাহিদা বেগম (৬০) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনাটি রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কপিলমুনির কাশিমনগর শ্মশানঘাট এলাকায়।
সাহিদা বেগম তালার গঙ্গারামপুরের দলিল উদ্দিন খা’র স্ত্রী। এর পর হাসপাতালে নেয়ার পথে সাহিদার নাতি অপর আরোহী পাইকগাছার হরিঢালীর আজিজুল গাজীর ছেলে সবুজ গাজী (২০) নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে খুলনা থেকে একটি বাস পাইকগাছার দিকে যাচ্ছিল। একই দিক থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে এর চালক ও আরোহীরা রাস্তার উপর এলামেলোভাবে ছিটকে পড়ে। এরপর বাসটি সাহিদার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা অপর আহতদের উদ্ধার করে সকাল ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তালা হাসপাতালে নিয়ে যান। এরপর তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেয়ার পথে সবুজ গাজীর মৃত্যু হয়।
ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও এর চালকসহ হেলপার পালিয়ে গেছে বলে জানা যায়।





