খুলনার ডুমুরিয়া উপজেলার তেলিগাতি নদীতে আবারো বড় কুমির ভাসতে ও চলতে দেখা গেছে। আর তা দেখতে নদীর পাড়ে উৎসুখ জনতার ভিড় দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নের তেলিগাতি নদীতে ২০২২ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে একাধিক বড় বড় কুমির দেখা গিয়েছিল। এগুলো চরে উঠে কয়েকটি ছাগল ধরে নিয়ে গিয়েছিল। ওই সময় এলাকার নদীতে কুমির দেখে মানুষের মুখে মুখে আলোচনা ছড়িয়ে পড়েছিল।

তার ঠিক এক বছর পর রোববার (২ জুলাই) সকাল ১০টার দিকে আবারও বর্ষার পানিতে সেই তেলিগাতি নদীর বাগাছড়া কালি মন্দির ও জিয়েলতলা দুর্গা মন্দির এলাকায় বড় কুমির ভাসতে দেখা গেছে। এরপর একটি কুমির অনেক সময় ধরে বাগছড়া এলাকার নদীর চরে উঠে বসেছিল। পরে বিকেল ৪টার দিকে আবারো একই কায়দায় ভাসতে ও চলতে দেখা গেছে।

আর সেই কুমিরকে দেখতে ছোট-বড় অসংখ্য মানুষ নদীর পাড়ে আপেক্ষা করছে।

এ প্রসঙ্গে তেলিগাতি নদীপাড়ের বাসিন্দা গাজী মাসুম বলেন, গতবছরও একই সময় আমাদের নদীতে কুমির দেখা গিয়েছিল। এবছর আবারো বড় কুমির আসায় মানুষ খুব উৎসাহ নিয়ে দেখার জন্য অপেক্ষা করছে। তবে এলাকাবাসীর মধ্যে কিছুটা শংকা আছে।

শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিৎ বৈদ্য বলেন, রোববার সকাল থেকে বড় একটা কুমিরকে বাগাছড়া থেকে জিয়েলতলা এলাকা দিয়ে ঘুরতে-ফিরতে দেখা যাচ্ছে। তবে এই কুমির আসায় ছোট জাল দিয়ে রেণু পোনা ধরা লোকেরা আর নদীতে নামতে সাহস পাচ্ছে না।