রাজশাহীর পুঠিয়ায় সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেকে সভাপতি করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা নাজনীন বেগমের বিরুদ্ধে। তার ছেলে নাজমুল হককে ওই বিদ্যালয়ের সভাপতি করেছেন তিনি।

তার এই কাজের বিরুদ্ধে বিদ্যালয়ের অভিভাবকরা লিখিত অভিযোগ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দফতরে।

অভিযোগকারী দিলীপ কুমার জানান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। প্রধান শিক্ষিকা অভিভাবকদের না জানিয়ে গোপনে তার ছেলেকে সভাপতি বানিয়েছেন। বিদ্যালয়ের কোনো বিষয়েই তিনি অভিভাবকদের মতামতের তোয়াক্কা করেন না। নাজনীন সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দ্বায়িত্ব পালন করছেন।

নাজনীন বেগম জানান, ওই বিদ্যালয়ের জমি আমার স্বামীর দেয়া। তাই নিজের ছেলেকে সভাপতি করেছি। এলাকার এমপির সাথে পরামর্শ করেই তার ছেলেকে তার বিদ্যালয়ের সভাপতি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সানোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিভাবক ও এলাকাবাসীর একটি অভিযোগ পেয়েছি। মা প্রধান শিক্ষিকা আর ছেলে সভাপতি এ বিষয়টি রহস্যজনক। চলতি সপ্তাহে তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।