কিশোরগঞ্জের ভৈরবে গাছ থেকে সোনিয়া (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ভৈরব থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সোনিয়া শহরের কালিপুর গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী ও ৩ সন্তানের জননী।
নিহতের খালা রত্না বেগমসহ স্বজনরা জানায়, নিহত সোনিয়া কয়েক দিন আগে শ্বশুর বাড়ি কালিপুর এসেছে। শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান। তবে নিহতের শ্বশুরের দাবি, আজ ভোরে ফজর নামাজ পড়ে সোনিয়া ঘর থেকে বের হয়েছে। তারপর সকালে আর ঘরে ফেরেনি। সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার জানান, ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।





