রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদার নাজমুল হক সুমনকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত সুমন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ জুলাই) বিকেল ৬টার দিকে পুঠিয়ার হাড়োখালি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুমন পুঠিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইয়াহিয়ার সরদারের ছেলে এবং সাবেক সেনা সদস্য ও ঝলমলিয়া হাট ইজারাদার।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঝলমলিয়া এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুর রহমান মিঠু ও তার ভাই রিপনকে আটক করেছে পুলিশ।

আহত সুমনের বাবা জানান, রোববার বিকেলে সুমন ঝলমলিয়া থেকে হাড়োখালির দিকে যান। সেখানে রাস্তায় তার গতি রোধ করে এলাকার সন্ত্রাসী মিঠুর নেতৃত্বে চার থেকে পাঁচজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। দু’জনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।