রাজবাড়ীর কালুখালীতে ইঞ্জিনের চাকায় কাটা পড়ে নাদের মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল পোনে ৫টার দিকে কালুখালী রেলওয়ে স্টেশনে ভাটিয়াপাড়া ট্রেনের ইঞ্জিনের নিচে পরে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত‍্যক্ষদশীরা জানায়, নিহত নাদের মোল্লা বহরপুর থেকে কালুখালীতে তার জামাতার বাড়ি বেড়াতে আসছিলেন। ভাটিয়াপাড়া ট্রেনের ইঞ্জিন পাশ পরিবর্তনের সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ইঞ্জিনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত নাদের মোল্লার জামাতা আ: ছাত্তার বলেন, আমার শ্বশুর আমাদের বাড়িতে আসার জন্য ভাটিয়াপাড়া এক্সপ্রেসযোগে কালুখালী রেলওয়ে স্টেশনে আসেন। স্টেশন থেকে রেল লাইন পার হওয়ার সময় ভাটিয়াপাড়া এক্সপ্রেসের ইঞ্জিন বগির নিচে কাঁটা পড়ে মারা যান। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। এজন‍্য হয়তো ট্রেনের হর্ন শুনতে পাননি।

কালুখালী থানার উপ-পরিদর্শক মো: শহিদুল্লাহ বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।