নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মছাপুর ক্লোজারে ঘুরতে এসে গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেলের আরোহী কিশোর লাশ হয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মুছাপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের টিকু মিয়া চায়ের দোকান-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামজিদ (২০) কুমিল্লা জেলার লাকসাম থানাধীন গাজীমুরা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি।
জানাগেছে, কুমিল্লার লাকসাম থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার দেখার জন্য যাওয়ার পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কালাগে। এ সময় পেছন দিক থেকে আসা আরো দুটি মোটর সাইকেল ওই দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলের ওপর ছিটকে পড়ে। এতে তামজিদ (২০), মহিম (২০) ও ফাহাদ (২০) গুরুতর আহত হয়।
তাদের স্থানীয়র লোকজন উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তামজীদকে মৃত ঘোষণা করেন।





