কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানায় গাছ লাগানো ও কাটা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সহোদর ভাই বোন খুনের ঘটনায় তাদের চাচা আব্দুল কাদিরসহ সাতজনের নামে হোসেনপুর থানায় মামলা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) রাতে থানায় উপস্থিত হয়ে নিহতদের বাবা মো: সামছুদ্দিন মামলাটি করেন।

মামলার পর পরই প্রধান আসামির স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের সামছুদ্দিনের সাথে তার ছোট ভাই আব্দুল কাদিরের বাড়ির সীমানা নিয়ে কিছু দিন ধরে বিরোধ চলছিল। বুধবার নিজ বাড়ির সীমানায় গাছের চারা রোপণ ও কাটার জের ধরে গত বৃহস্পতিবার সকালে সামছুদ্দিনের পরিবারের সাথে কাদিরের পরিবারের সদস্যেদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে কুড়ালের কোপে ঘটনাস্থলেই আলমগীর নিহত হযন। এ সময় গুরুতর আহত নাদিরা আক্তারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

অন্য আহতরা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন সামছুদ্দিনের স্ত্রী শাহিদা আক্তার (৪৮), দুই ছেলে হুমায়ুন কবীর (২৬) ও সালমান (১৮)।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতদের বাবা মো: সামছুদ্দিন আব্দুল কাদিরকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ঘটনায় প্রধান আসামি আব্দুল কাদিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০) ও ছেলে ইমরাকে গ্রেফতার করা হয়। অন্যরা পলাতক থাকায় তাদের গ্রেফতারেও সচেষ্ট রয়েছে পুলিশ।