নওগাঁর রাণীনগরে বাবা-মায়ের অভিযোগে এক মাদকসেবী ছেলে জুয়েল টিকাদারকে (২৮) নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল টিকাদার উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর পশ্চিমপাড়া গ্রামের দেলবর টিকাদারের ছেলে। একইসাথে অভিযুক্তকে ৫০০ টাকা জরিমানাও করা হয়।

নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, জুয়েল মাঝেমধ্যেই মাদকের টাকা না পেয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করত। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েলকে আটক করে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাসহ ৫০০ টাকা জরিমানা করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দণ্ডপ্রাপ্ত জুয়েলকে দুপুরেই জেলহাজাতে পাঠানো হয়েছে।