ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে থ্রি হুইলার পাগলু গাড়ির সাথে সংঘর্ষে এক মোটরসাইকেলে-আরোহী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফাজ উদ্দীন চৌধুরী (৪৫) উপজেলার সনগাঁও চৌধুরীপাড়া গ্রামের মরহুম আমজাদ হোসেন চৌধুরীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোড এলাকার মেসার্স কাদের ফিলিং স্টেশনের কাছে থ্রি হুইলার পাগলু গাড়ির পেছনে একই দিকে যাওয়া দ্রুতগতির মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে চালক আফাজ উদ্দীন চৌধুরী ঘটনাস্থলে নিহত হন এবং তার স্ত্রী সাহেরা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।