পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ। বুধবার জেলার নানা স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে মোখলেছুর রহমান রাঙ্গা বিশ্বাস, টাংবাড়ি গ্রামের ডা. জাহিদ খানের ছেলে মো: মোস্তাফিজুর রহমান জনি (৩৭), আহম্মোমদপুর গ্রামের মরহুম আব্দুস সামাদের ছেলে মাহবুবুর রহমান হিরা (৩৯) ও একই গ্রামের মো: ওহাব মিয়ার ছেলে সুজন মিয়া (৪৮)।
আমিনপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ জুলাই) দুপুরে আমিনপুর থানাধীন রানীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের লুৎফর রহমান শেখের বাড়ি থেকে দেড় লাখ টাকার স্বর্ণালংকার ( দু’টি আংটি, একটি চেইন ও একটি হার), নগদ এক লাখ ২৭ হাজার টাকা ও দুই লাখ তিন হাজার টাকা মূল্যের একটি পালসার মোটরসাইকেল চুরি যায়। এ ঘটনায় রহমানের ছেলে রুহুল আমিন শেখ (৩৭) আমিনপুর থানায় একটি মামলা করেন।
মামলার সূত্র ধরে ১৯ জুলাই (বুধবার) রাতে অভিযান চালিয়ে পাবনা জেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে মোখলেছুর রহমান রাঙ্গা বিশ্বাসকে (৩০) চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী চুরিতে জড়িত আরো তিনজনকে গ্রেফতার করা হয়।





