সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্যবর্তী এলাকা থেকে রাজনা বেগম (১৫) নামে এক স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) রাত ১০টায় দিরাই-মদনপুর সড়কের শরীফপুর তালুকদার বাড়ি সংলগ্ন এলাকায় থেকে লাশটি উদ্ধার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
রাজনা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের ইসরাঈল আলীর মেয়ে এবং উপজেলার সুরমা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, রাজনা বেগম শুক্রবার রাতে খাবার শেষে পরিবারের লোকজনদের সাথে শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। শনিবার ভোরে সবাই ঘুম থেকে জেগে দেখে রাজনা বেগম ঘরে নেই। এরপর তারা আশপাশে খোঁজাখুঁজি শুরু করে এবং বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রাজ্জাকের মাধ্যমে শান্তিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়।
সন্ধ্যায় শান্তিগঞ্জ ও দিরাই থানার মাঝামাঝি শরীফপুর তালুকদার বাড়ি সংলগ্ন দিরাই মদনপুর সড়কের পাশে বস্তায় মোড়ানো একটি লাশ দেখতে পায় লোকজন। পরে রাজনার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
খবর পেয়ে দিরাই ও শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। একপর্যায়ে সুনামগঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে শান্তিগঞ্জ থানা পুলিশ রাজনা বেগমের লাশটি সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে যায়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে দিরাই ও শান্তিগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বলেন, শান্তিগঞ্জের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আমরা সহযোগিতা করেছি।





