বগুড়ার শাজাহানপুরে চাঁদার দাবিতে উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাগরের নেতৃত্বে রড সিমেন্ট ব্যবসায়ী নুরুজ্জামান পান্নুকে (৪২) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
রোববার (২৩ জুলাই) উপজেলার শাবরুল বাজারে এ ঘটনা ঘটে।
আহত পান্নু শাবরুল গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মন্টু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিদিনের মতো ব্যবসায়ী পান্নু দোকানে বসে ছিলেন। এমন সময় সাগর তার লোকজন নিয়ে পান্নুকে ডেকে কিছু দূর নিয়ে যান। এরপর কোনোকিছু বুঝে উঠার আগেই তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করা হয়। এসময় পান্নুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সাগর তার দলবল নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা পান্নুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানিয়েছে, পান্নু বড় ব্যবসায়ী হওয়ায় সাগর তার কাছ থেকে দীর্ঘ দিন ধরে চাঁদা নিয়ে আসছিলেন। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পান্নু তাকে চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এরই জের ধরে পান্নুকে দোকান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য অনুসন্ধান ও তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





