নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল ও সিএনজিচালিতঅটোরিকশার সংঘর্ষে চার বছরের এক শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো পাঁচজন।

সোমবার (২৪ জুলাই ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হুমাইরা খাতুন নওগাঁর ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। আহতরা হলেন উপজেলার লোহাচুড়া গ্রামের সিএনজিচালক লেবু হোসেন (৫০), মোটরসাইকেলচালক মোয়াজ্জেম হোসেন (৫২), গুয়াতা এলাকার মোসারব হোসেন (২৮), কালীগ্রামের সাব্বির (১৬) ও তার মা সালমা (৪৫)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে সিএনজিচালিত-অটোরিকশাটি যাত্রী নিয়ে আবাদপুকুর থেকে রাণীনগর যাচ্ছিল। মোটরসাইকেলটিও রাণীনগরের দিকে যাচ্ছিল। পথে সোনাকানিয়া জোড়া ব্রিজ এলাকায় সিএনজিচালিত-অটোরিকশাটি একটি ব্রিজ দিয়ে এবং মোটরসাইকেলটি অপর ব্রিজ দিয়ে সড়কে নামার সময় সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত-অটোরিকশাটি যাত্রী নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আর মোটরসাইকেলচালক সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত সিএনজিচালক লেবু, যাত্রী হুমাইরা ও মোটরসাইকেলচালক মোয়াজ্জেমকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন শিশু হুমাইরার মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য লেবু ও মোয়াজ্জেমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।