রাজশাহীর পুঠিয়ার নওপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন রংপুরের এক তরুণী। প্রেমিকা আসার পর বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক এরশাদ আলী।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল থেকে ওই তরুনী অনশনে বসেছেন প্রেমিক এরশাদ আলীর বাড়িতে।
প্রেমিকা নাজমুন নাহার রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের মোনতারপাড়া এলাকার নুর হোসেনের মেয়ে। আর এরশাদ আলী ভালুকগাছি ইউনিয়নের নওপাড়া গ্রামের রাখাল মিয়ার ছেলে।
নাজমুন নাহার বলেন, ‘ঢাকার মেঘনায় একটি কোম্পানিতে এক সাথে কাজ করার সুবাদে এরশাদের সাথে সম্পর্ক তৈরি হয়। তা একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। আমাদের প্রায় আট মাস ধরে প্রেমের সম্পর্ক। গত কিছু দিন আগে ঢাকার মেঘনা এলাকায় আমাদের দু’জনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এরশাদ বিয়ে না করে এখানে পালিয়ে চলে আসে। তাই আমি তার বাসায় এসে বিয়ের দাবি জানাচ্ছি। আমার প্রেমিক এরশাদের সাথে আমার টাকার লেনদেন রয়েছে। তাকে আমি বহু টাকা দিয়েছি। আমি টাকা ফেরত চাই না। আমি তাকে স্বামী হিসেবে পেতে চাই।’
এ বিষয়ে জানতে প্রেমিক এরশাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান বলেন, ‘এরশাদের বাড়ি থেকে আমাকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন ঘটনাটি শুনেছি। পরে অনশনে বসা মেয়েটির সাথে কথা হয়। ওই মেয়েটির সাথে কথা বলে জেনেছি, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে এত দূর থেকে বিয়ের দাবিতে এখানে এসেছে।’
রংপুরের পীরগাছা উপজেলার পারূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ‘তাদের মধ্যে হয়ত প্রেমের সম্পর্ক রয়েছে। তাছাড়া কেন এত দূর থেকে ওই মেয়েটি ওখানে গিয়ে অনশনে বসবে? আমরা চাই, বিষয়টির সুষ্ঠু একটা সমাধান করা হোক।’
পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, ‘সকাল থেকে রাত হয়ে গেল, বিষয়টি আমি এখনো জানি না। ঘটনাটি সত্য হলে বিষয়টি দেখা যাবে কী করা যায়।’





