চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজানগরের শিয়ালবুক্কা এলাকায় জামাতার লাঠির আঘাতে শ্বশুর দানু মিয়া (৫৫) খুন হয়েছেন। নিহতের বাড়ি লালানগর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক্কা গ্রামে গত সোমবার রাতে শ্বশুর দানু মিয়ার সাথে জামাতা আলমগীরের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দেয়। শ্বশুর-জামাতার তর্কাতর্কির একপর্যায়ে জামাতা আলমগীর লাঠি দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রাসেলও আহত হয়।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে খুনের ঘটনা বলে মনে হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।