সিলেটের ওসমানীনগরের হামতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন, তখদ্দুছ মিয়া (৪০), ইউসুফ মিয়া (২৪), খালেদ আহমদ (৪০), সাইফুল ইসলাম (৩৫), আল আমিন (২২), তুরন মিয়া (৫৫), রুবেল মিয়া (৪০), আরিফ (২৫), জানু মিয়া (৩০) সহ নাম না জানা অনেকেই । আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ ঘটনার পর গ্রামের মতিউর রহমানের বাড়ি থেকে একটি দেশীয় শর্ট গান উদ্ধার করেছে। এ ঘটনায় আজ ও গতকাল পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা এবং গ্রামবাসির পক্ষে আরেকটি মামলা রেকর্ড করা হয়েছে।

জানা যায়, গত বুধবার দুপুরে হামতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলা অবস্থায় একটি পক্ষ শিক্ষক শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে বের করে দিয়ে অপর পক্ষকে সংঘাতে জড়াতে আহ্বান করে। তখন অপর পক্ষ জবাব দিতে আসলে বিদ্যালয়ের সামনে বিদ্যালয় পরিচালনা কমিটি ও গ্রামের পঞ্চায়েতের লোকজন এবং গ্রামের মতিউর রহমান, রুমান আলী তুরন, সারাজ মিয়া ও সেলিম মিয়া গংয়ের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষ একে অপরকে লক্ষ করে দেশীয় অস্ত্র, ইটপাটকেল প্রয়োগ করেন।