পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মীকে আটক করে আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানা পুলিশ। শুক্রবার আদালত তাদেরকে জেলহাজতে পাঠান। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইসলামপুর রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাঁধন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা খোকন, জেলা ছাত্রদলের সম্পাদকমণ্ডলীর সদস্য মাহমুদুল হাসান, পৌর কৃষকদলের সদস্য সচিব মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহান শাহ, সদস্য মোকলেছ , রাছেল ও জয়ন্ত।
বিএনপি নেতাদের অভিযোগ, তাদেরকে নাশকতা পরিকল্পার পুরনো মামলার আসামি করে কারাগারে পাঠানো হয়েছে। তবে পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তারা মামলায় উল্লিখিত ঘটনার সাথে সম্পৃক্ত ছিল ।