হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে চেতনানাশক ওষুধ স্প্রে করে পরপর চারটি বাসায় দুঃসাহসক চুরি সংঘটিত হয়েছে। এতে অতঙ্কে রয়েছে জনসাধারণ।

শুক্রবার (৪ আগস্ট) রাত ৩টায় সর্বশেষ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লেঞ্জাপাড়াস্থ ডা. আব্দুর রউফের বাসায় চুরি সংঘটিত হয়েছে।

জানা গেছে, চোর চক্রটি চেতনানাশক ওষুধ স্প্রে করে ওই বাসার একটি জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এতে বাসার লোকেরা অজ্ঞান হয়ে যান। এ ফাঁকে বাসায় রক্ষিত স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

অজ্ঞান হওয়া ব্যক্তিদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে একই গ্রামের জিকুয়ামীর বাড়ির লিটন মিয়া ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল হেলিম এবং সাবাসপুরে ব্র্যাক কর্মকর্তা দেলোয়ার হোসেনের বাসায় একই পদ্ধতিতে চুরি সংঘটিত হয়।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হক কামাল বলেন, চুরির ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।

দ্রুতই এর রহস্য উদঘাটন করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।