বাগেরহাট সদরের যাত্রাপুর এলাকা থেকে জামায়াতের নেতা ফেরদৌস হোসেনকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হোমিও চিকিৎসক ফেরদৌস হোসেনের চেম্বারে দু'জন সাদা পোশাকধারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা সাদা পোশাকধারী ওই লোকদের চ্যালেঞ্জ করলে তারা ফেরদৌসকে রেখে পালিয়ে যান।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ ইউনুস আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ এই দু'জনের পরিচয় উদঘাটনের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, দিনে-দুপুরে চিকিৎসকের চেম্বারে এ ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসী যেমন হতবাক, তেমনি একজন নাগরিকের সাংবিধানিক অধিকারও হরণ করার চেষ্টা হচ্ছে।





