কাপ্তাইয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাস করছে শতশত পরিবার। গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে উপজেলায় বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার ঢাকাইয়া কলোনি কেপিএম টিলা কারগোর নিচে বসবাসরত দানা মিয়া ও মনির হোসেনের দু’টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, উপজেলার নতুন বাজার, লগগেট, ওয়াগগার মুরালিপাড়া, ব্যাঙছড়ি মুসলিম পাড়া, শীলছড়ি, চন্দ্রঘোনা মিতিঙ্গাছড়ি, রাইখালী, কারিগরপাড়া, চিৎমরমসহ বিভিন্ন এলাকায় কমপক্ষে তিনশত পরিবার পাহাড়ের পাদদেশে অতি ঝুঁকি নিয়ে বসবাস করছে। অতিবৃষ্টি হলে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন ভুক্তভোগিরা।
কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, কাপ্তাই ঢাকাইয়া কলোনিতে শতশত পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। পাহাড় ধসে ও গাছ পড়ে তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার কাপ্তাই উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অর্ধশতাধিকের বেশি পরিবার এসেছে। আশ্রয় কেন্দ্রে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ হতে খাবার বিতরণ করা হচ্ছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন বলেন, অতি বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে অতি ঝুঁকিতে বসবাসকারী এলাকায় মাইকিং করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছি। অনেকে আশ্রয় কেন্দ্রে এসেছে। তবে ঝুঁকিতে বসবাসরত বেশির ভাগ লোকজন আসেননি।





