শেরপুরের শ্রীবরদীতে মর্জিনা বেগম (১৮) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামারা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মর্জিনা ওই গ্রামের কৃষক আলতাফ হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকীপুর গ্রামের আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান টিটু স্ত্রী।

জানা গেছে, প্রায় তিন মাস আগে মর্জিনার সাথে টিটুর বিয়ে হয়।

মর্জিনার মা নুরেজা বেগম জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। রোববার (৬ আগস্ট) বিকেলে মর্জিনার স্বামী তাদের বাড়িতে আসেন এবং সোমবার চলে যান। আগামী শুক্রবার (১১ আগস্ট) মর্জিনাকে স্বামীর বাড়ি নিয়ে যাওয়ার কথা। মঙ্গলবার দুপুরে রহস্যজনক কারণে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মর্জিনা। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে জানালা ভেঙে ঘরে ঢুকে তার লাশ উদ্ধার করে।

কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।