লাকসামে প্রেমের সম্পর্কের জের ধরে জোরপূর্বক ধর্ষণের পর প্রেমিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মহিন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।২ দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে মো: মহিন উদ্দিন (২৮)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে কুমিল্লা লাকসাম থানাধীন গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়িতে পরিত্যক্ত ঘরে আসামি মহিন উদ্দিন ভিকটিম নাছিমা আক্তারকে (২৪) তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর গলায় ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা পর হাত-পা বেঁধে ঘটনা স্থলে ফেলে পালিয়ে যান। এ ব্যাপারে ওইদিন নিহতে ভাই কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন জয়নগর দক্ষিণ পাড়া হাজী বাড়ির জুনাব আলীর ছেলে ফজলে রাব্বী একই জেলার মো: মহিন উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন মামলায় উল্লেখিত ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলায় রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে আসামি মো: মহিন উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থ দণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত। রায়ে আরো উল্লেখ করেন যে, আসামির মৃত্যু দণ্ডাদেশ মাননীয় হাইকোর্ট ডিভিশন কর্তৃক অনুমোদন (confirmation) সাপেক্ষে তার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে গলায় ফাঁসির রজ্জু দ্বারা ফাঁসিতে ঝুঁলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হলো।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত।





