ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্কুলশিক্ষক রাজেকুল ইসলামের (৪৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তার স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরে না আসায় বিবাহবিচ্ছেদের জন্য উভয় পরিবারের সিদ্ধান্তের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে এ ঘটনা ঘটে।
রাজেকুল ইসলাম ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, বয়স হয়ে গেলেও বিয়ে করেননি শিক্ষক রাজেকুল ইসলাম। পরে প্রতিবেশী, পরিবার ও সহকর্মীদের কথা রাখতে ২৭ জানুয়ারি রানীশংকৈল উপজেলায় স্নাতক পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের পর দিনই পরীক্ষা দেয়ার কথা বলে বাবার বাড়িতে চলে যান নববধূ। এরপর থেকে তিনি আর স্বামীর বাড়িতে ফেরেননি। বুধবার সন্ধ্যায় বিয়ের মোহরানা পরিশোধ করে রাজেকুল ইসলাম ও তার স্ত্রীর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয় উভয় পরিবার। এরই মাঝে দুপুরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন রাজিকুল। পরে দীর্ঘক্ষণ দরজা খুলে বেরিয়ে না আসায় গ্রাম-পুলিশকে ডেকে আনে বলে জানান রাজেকুলের ভাই আইয়ুব আলী। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
আইয়ুব আলী বলেন, ‘বিয়ের পর থেকে বউ বাবার বাড়ি থেকে না আসায় ও ১৫ লাখ টাকার ঋণ নিয়ে দুশ্চিন্তায় ছিল স্কুলশিক্ষক রাজেকুল ইসলাম। এদিকে তালাক দিতে হলে মোহরানা পরিশোধ করতে হবে মোটা অঙ্কের। দু’টি বিষয় নিয়ে বেশ চাপে ছিল ছোট ভাই। এ কারণেই আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।





