হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকায় মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে হালেমা আক্তার (২৪) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
হালেমা আক্তার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক অলিপুর আরএফএল কোম্পানির গেটের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকটি উল্টে তার (হালিমা) ওপর পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশটি উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





